আইসিসিকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত রিভিউর অনুরোধ জামায়াত আমিরের
সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেওয়া সিদ্ধান্তের রিভিউর অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এই অনুরোধ জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে— মোস্তাফিজ; তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’
জামায়াত আমির আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে— এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না; আমরা দুঃখিত, আমরা লজ্জিত।’
আইসিসির উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে, আমরা অনুরোধ করি— আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।’
বাংলাদেশের স্বার্থ সবার আগে রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেশীদের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে রাখতে চাই। তাদের সঙ্গে উত্তম আচরণ করতে চাই। কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমরা বন্ধু হিসেবে থাকতে চাই, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে আমরা প্রভু হিসেবে আসতে দেব না।’
প্রত্যেকটা নারীকে মায়ের সম্মান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে বাচ্চাটার বয়স এক বছর, সে-ও আমার মা। সে যখন বড় হবে, তখন সে-ও কোনো সন্তানের মা হবে।’
যুবকদের নিয়ে জামায়াত আমির বলেন, ‘যুবকদের হাতে আমরা বেকার তকমা দিয়ে দেব না। যুবকরা সম্মানের সঙ্গে লড়াই করে পথ বের করতে চায়। সেই যুবকদের হাত যখন দেশের প্রয়োজনে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করবে, তখনই তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দেব।’
তিনি বলেন, ‘এই দেশ কীভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে স্থান করে নেবে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, দ্বীনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই।’











